শ্রীপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু

গাজীপুরগাজীপুরের শ্রীপুরে ভিমরুলের কামড়ে আকরাম হোসেন (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে।  রবিবার (১৫ অক্টোবর) ভোরে উত্তরার শিনশিন জাপান হাসপাতালে তার মৃত্যু হয়।  তিনি বারতোপা কাদিরিয়া দরবার শরিফ মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

আকরাম উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের মোল্লা বাড়ির রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে।

কাদিরিয়া দরবার শরিফের মোতায়াল্লী মাওলানা তাজুল ইসলাম জানান, শনিবার (১৪ অক্টোবর) প্রতিদিনের ন্যায় আকরাম আছরের নামাজ শেষে স্থানীয় বারতোপা বাজারে যান। মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে বাজার থেকে বারতোপা আইডিয়াল স্কুলের সামনে পৌঁছালে বাঁশ ঝাড়ে থাকা ভিমরুল তাকে কামড় দেয়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে উত্তরার শিনশিন জাপান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তিনি মারা যান।