পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চের পর এবার ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম রুট পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চের পর এবার ফেরি চলাচলও বন্ধ হয়ে গেছে। শুক্রবার দুপুরে বন্ধ হয় লঞ্চ সার্ভিস এবং শুক্রবার দিবাগত রাত দুটা থেকে ফেরি সার্ভিসও বন্ধ হয়ে যায়। ফলে পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে তিন শতাধিক যানবাহন। 

শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আজমল হোসেন ও পাটুরিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, সাগরে নিম্নচাপের প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টির পরেও শুক্রবার দিনভর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঝুঁকি নিয়ে ফেরি চলাচল অব্যাহত ছিলো কিন্তু রাতে বাতাসের গতি বেড়ে গেলে ফেরি চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে দুর্ঘটনা এড়াতে রাত দুটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বাতাসের গতিবেগ নিয়ন্ত্রণের মধ্যে না আসা পর্যন্ত পুনরায় ফেরি সার্ভিস চালু করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তারা।

ফেরিঘাট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের উভয় প্রান্তে যাত্রীবাহী নৈশকোচ, মাইক্রোবাস, প্রাইভেট কার ও পণ্যবাহী ট্রাকসহ সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেই জলযান চলাচল শুরু হবে বলেও জানিয়েছেন তারা।