মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়া ও পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে শনিবার (২১ অক্টোবর) ভোর থেকে এসব বন্ধ রাখে কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ দুপুর একটায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকলেও যানবাহন পারাপারের জন্য সাতটি ফেরি চলাচল করছিল।
বিআইডব্লিউটিসি-এর এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারনে ফেরি চলাচল ব্যাহত হয় এবং শনিবার সকাল থেকে তা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এখন আবহাওয়া খুব খারাপ। এখানে ঝড় হচ্ছে। পল্টুনে পানি উঠে যায় এমন অবস্হা। ঘাট এলাকায় সাড়ে পাঁচ শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।’
বিআইডব্লিউটিসি-এর নৌ ট্রাফিক পরিদর্শক মো. সোলেমান জানান, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।