মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ড

বরিশালবরিশালের একটি  আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সোমবার একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে।

সোমবার দুপরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন ৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত মো. সবুজ বেপারী (৩৩) বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাকরণ এলাকার তৈয়ব আলী বেপারীর ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ নভেম্বর বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর নতুন ব্রিজ এলাকায় অভিযান চালায় কাউনিয়া থানা পুলিশ। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ বেপারীকে আটক করা হয়।

এ ঘটনায় ওই দিনই কাউনিয়া থানার এসআই শাহ মো. ফয়সাল আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৫ ডিসেম্বর কাউনিয়া থানার এসআই এইচ এম শাহীন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।