শেরপুরের চাঞ্চল্যকর নাজিরুল ইসলাম লাজু হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইমাম হোসেন ঠান্ডু এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডিতরা হলেন, শ্রীবরদী উপজেলার বাহিনখিলা গ্রামের মোস্তফা, ইজারাপাড়া গ্রামের জহুর আলী ও আব্বেস। দণ্ডিত তিন জনই পলাতক।
পিপি ইমাম হোসেন ঠান্ডু জানান, নাজিরুল ইসলাম লাজু হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য তিন আসামি নিতু চন্দ্র বর্মন, মোহাম্মদ আলী ও আমিরুল ইসলাম টুক্কুকে বেকসুর খালাস দেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১১ মে শ্রীবরদী উপজেলার দহেরপাড় গ্রামের যুবক নাজিরুল ইসলাম লাজু প্রতিদিনের ন্যায় ইজিবাইক নিয়ে বের হন। কিন্তু সেদিন রাতে আর তিনি বাড়ি ফিরেনি। পর দিন দুপুরে স্থানীয় একটি ব্রিজের পাশের ডোবায় রক্তাক্ত অবস্থায় লাজুর লাশ পাওয়া যায়। এই ঘটনায় লাজুর দাদা আব্দুল মজিদ বাদী হয়ে মোস্তফা, জহুর আলী ও আব্বেসসহ ৬ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ২০১৩ সালের ৯ এপ্রিল ওই ৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ (মঙ্গলবার) এ রায় দেন।