রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ স্বাস্থ্যঝুঁকিতে নেই: মোহাম্মদ নাসিম

ফ্রি হার্ট মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রী (ছবি- প্রতিনিধি)

মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাদ্য ও চিকিৎসাসহ সব ধরনের সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘আমি শুনেছি, আশ্রয় নেওয়া রোহিঙ্গারা এইচআইভি ভাইরাসসহ নানান জটিল রোগে আক্রান্ত। তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকে আশঙ্কা করছেন, রোহিঙ্গাদের মাধ্যমে নানান জটিল রোগ এদেশের মানুষদের মাঝে ছড়িয়ে পড়বে। তেমন কিছু যাতে না হয়, সেজন্য রোহিঙ্গাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ স্বাস্থ্যঝুঁকিতে নেই।’

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে গাজীপুরের কাশিমপুর তেতুইবাড়ি এলাকায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে স্পেশলাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে দিনব্যাপী ‘ফ্রি হার্ট মেডিক্যাল ক্যাম্প’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে কোনও হেলথ ক্লিনিক নেই। রোহিঙ্গা অধ্যুষিত ওই রাজ্যে স্বাস্থ্যসেবার ন্যূনতম কোনও ব্যবস্থা নেই, নেই জন্মনিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাও।’ তিনি আরও বলেন, ‘রাখাইনের লাখ লাখ রোহিঙ্গা আমাদের দেশে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়েছেন, খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করেছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের তৎপরতায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন সংস্থা ও দেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। সম্প্রতি ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা প্রথম পর্যায়ে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেবো। দেশে নতুন নতুন হাসপাতাল প্রতিষ্ঠিত হচ্ছে। অদূর ভবিষ্যতে আমরা একহাজার শয্যার একটি ক্যান্সার ইন্সটিটিউট প্রতিষ্ঠা করবো। ঢাকার চানখাঁরপুলে বিশ্বমানের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট নির্মাণের কাজ এগিয়ে চলছে। এটি হবে বিশ্বের বৃহৎ এবং অত্যাধুনিক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট। এখানে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে।’

গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী এক বছরের মধ্যে ভারতের অর্থায়নে ৩৬ ক্লিনিক স্থাপন করা হবে। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে এ ব্যাপারে চুক্তি সই হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘চিকিৎসা সেবার ক্ষেত্রে শেখ হাসিনার সরকারের সফলতার কারণে দেশে আজ শিশু ও মায়ের মৃত্যুর হার কমেছে। মানুষের গড় আয়ু বেড়েছে। আমাদের দেশে প্রস্তুত ঔষধ আমেরিকাসহ বিশ্বের ১৪০টি দেশে রফতানি হচ্ছে। আমরা বাংলাদেশকে পোলিও ও ধনুষ্টংকার মুক্ত করেছি।’

‘ফ্রি হার্ট মেডিক্যাল ক্যাম্প’ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে স্পেশলাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়তুন বিনতে সোলেমান, পরিচালক প্রফেসর ডা. আফজালুর রহমান, গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মঞ্জুরুল হক, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) রাসেল শেখ প্রমুখ। শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে স্পেশলাইজড হাসপাতাল ও নার্সিং কলেজ এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিও ভাস্কুলাইজার ডিজিজ-এর সহযোগিতায় এই ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়। আজ (মঙ্গলবার) বিকাল পর্যন্ত প্রায় এক হাজার রোগী এখানে চিকিৎসা সেবা নেয় বলে জানান আয়োজকরা।