পাবনায় ডিসির অপসারণ দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

ডিসির অপসারণ দাবিতে মানববন্ধন

জেলা প্রশাসকের (ডিসি) বাংলোতে চিকিৎসক না পাঠানোর অভিযোগে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমানকে ওএসডি করার আদেশের প্রতিবাদে মানববন্ধন করেছে চিকিৎসকরা। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে হাসপাতাল চত্বরে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করেন তারা। এসময় আদেশ প্রত্যাহার ও ডিসির অপসারণের দাবি জানিয়েছেন তারা।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রিয়াজুল হক রেজা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. আহমদে তাউস, ডা. জাহেদী হাসান রুমী, ডা. শাহিন ফেরদৌস শানু, ইন্টার্ন চিকিসক পরিষদের সভাপতি ডা. শাহা আলম শোভন।  

এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমান বলেন, ‘কোনও প্রকারের তদন্ত ছাড়া এ ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়া কষ্টকর। সঠিকভাবে তদন্ত করার জন্য আমি মন্ত্রণালয়কে অনুরোধ করছি।’ 

উল্লেখ্য, ১৮ অক্টোবর পাবনার ডিসি রেখা রানী বালো অসুস্থ হলে জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরাকে ডিসির বাসায় গিয়ে চিকিৎসা দিতে বলা হয়। তিনি যেতে অপারগতা প্রকাশ করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে ওএসডি করানো হয়।