এ ব্যাপারে সোমবার রাতে গরু মালিক মোফাজ্জল হোসেন বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এরপর পুলিশ ছিনতাইকৃত ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করলেও গরু উদ্ধার করতে পারেনি।
পুলিশ জানায়, ট্রাক চালক রফিককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, গত ২২ অক্টোবর ঢাকার গাবতলী হাট থেকে তিনটি মহিষ ও চারটি গরু কেনেন দেওয়ানবাগ এলাকার মাংস ব্যবসায়ী তোফাজ্জল হোসেন। পরে রাত দেড়টায় তোফাজ্জল হোসেনের দুই জন সহযোগী আহাম্মাদ আলী ও আমির হোসেন একটি ট্রাকে করে পশুগুলো নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দিকে রওনা হন। রাত সাড়ে তিনটায় গরুবাহী ট্রাকটি বন্দর উপজেলার দি বারাকা হাসপাতালের ব্রিজের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস দিয়ে আটকানো হয় ট্রাকটিকে।
মাইক্রোবাসে থাকা অজ্ঞাত ১০-১২ জন লোক পুলিশ পরিচয় দিয়ে গরুবাহী ট্রাকটি ছিনিয়ে নেয়। এরপর চালকসহ ট্রাকে থাকা বাকি দুজনকে হাত-পা বেঁধে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে ফেলে রেখে পালিয়ে যায়।