সোনাইমুড়ীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় সাবিনা আক্তার সামিয়া (২২) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বুধবার (২৫ অক্টোবর) রাত ১০টায় ভানুয়া গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সাবিনা ওই গ্রামের কসাইবাড়ির আকা মিয়ার ছেলে মো. পিন্টুর স্ত্রী।

ওসি ইসমাইল মিঞা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। ঘটনার পর থেকে নিহতের স্বামী পিন্টু পলাতক রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে লোকজন আকা মিয়ার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। এসময় তারা ঘরের ভেতরে গিয়ে পিন্টুর স্ত্রী সামিয়াকে আগুনে জ্বলতে দেখতে পান। তখন দ্রুত সামিয়াকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীরা। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সামিয়ার।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শহীদুল্লাহ বলেন, ‘অবস্থা খারাপ দেখে এখানে তাকে ভর্তি না করিয়ে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আহত নারীর স্বজনরা তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যান।’