দেবীগঞ্জে মৎস্য অভয়াশ্রমের প্রহরী হত্যার ঘটনায় মামলা

পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীর মৎস্য অভয়াশ্রমের প্রহরী বিশু দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নিহতের বাবা হরিদাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে নাম উল্লেখ করে ছয় জনকে ও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত বিশু দাসের বাড়ি দেবীগঞ্জ উপজেলা সদরের মধ্যপাড়া এলাকায়। সে ওই এলাকার হরিদাসের ছেলে।

মামলার আসামিরা হলেন, দেবীগঞ্জ উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মোবারক আলীর ছেলে রুবেল ইসলাম (২৩), সুলতান আলীর ছেলে এরশাদ হোসেন (২৭), উজির আলীর ছেলে রাজ্জাকুল ইসলাম (২৮), মধ্যপাড়া এলাকার আকসাদুল হকের ছেলে সোহাগ ইসলাম (২৬), অহিদুল ইসলামের ছেলে কাজল ইসলাম (২৪) এবং তালতলা সরকারপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে রহুল আমিন (৩০)। পুলিশ জানায়, ছয় আসামির মধ্যে বুধবার রাতে রহুল আমিন ও রাজ্জাকুল ইসলামকে আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর মাছ চুরিতে বাধা দেওয়ায় বিশুকে মারধর করে রুবেল, সোহাগ, এরশাদ, কাজল, রহুল আমিন, রাজ্জাকুলসহ কয়েকজন। এসময় বিশুর চিৎকারে পথচারীরা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। গত বুধবার রাতে (২৫ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি মো. আমিনুল ইসলাম জানান, বিশু হত্যার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে দু’জনকে আটক করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।