পল্টনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল দুর্ঘটনা

রাজধানীর পল্টন মোড় ইউবিএল ক্রসিংয়ে শুক্রবার (২৭ অক্টোবর) সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পল্টন মোড়ে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয় একটি ট্রাক। ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত ও প্রাইভেটকার চালক আহত হন।  

নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. মিজানুর রহমান। তিনি চাঁদপুরের মতলব থানার হাপানিয়া গ্রামের বাসিন্দা। ঢাকার ওয়ারী থানার ১৫/১৬ ভজরী সাহা স্টেট নারিন্দা ভুতের গলিতে থাকতেন তিনি। আহত প্রাইভেটকার চালকের নাম মো. লেলিন শেখ।

পল্টন থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মোটরসাইকেল আরোহী ও আহত প্রাইভেটকার চালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। আহত ব্যক্তির চিকিৎসা চলছে ও নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার শিকার ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক করেছে পল্টন থানার পুলিশ।