পাবিপ্রবি ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের ৮ সদস্য গ্রেফতার

পাবনাতে গ্রেফতার জালিয়াত চক্রের আট সদস্যপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় একটি জালিয়াত চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। পাবিপ্রবি প্রক্টর আউয়াল কবির জয় ও পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা তিন পর্বে অনুষ্ঠিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানতে পারে, একটি চক্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শেষ পর্বের পরীক্ষায় সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ভর্তি পরীক্ষার প্রশ্ন বাইরে থেকে সমাধান করে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।
প্রক্টর আউয়াল কবির জয় জানান, পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশের সহায়তায় শহরের বিভিন্ন স্থান থেকে ভর্তি পরীক্ষার শেষ সময়ে ওই চক্রের আট জনকে হাতেনাতে ধরে ফেলা হয়। এসময় তারা স্বীকার করে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তারা পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে পরীক্ষার্থীদের উত্তরপত্র সরবরাহ করছিল।
জানা গেছে, আট জনের মধ্যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী ছাড়াও পাবনার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে।
পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে জালিয়াত চক্রের আট জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ইয়াসমিন মনিরা আট জনের মধ্যেকার দুই জনকে দুই বছর ও অন্যদের একমাস করে কারাদণ্ডের আদেশ দেন।’

আরও পড়ুন-
দেশ চলছে বাকশালী কায়দায়: মঈন খান
রাসমেলায় সুন্দরবনে হরিণ শিকার বেড়ে যাওয়ার আশঙ্কা, সতর্ক বন বিভাগ