শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে অক্টোবর বিপ্লবের শতবর্ষ পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে এক সেমিনারে আনু মুহম্মদ এসব কথা বলেন। নারায়ণগঞ্জ শহরে আলী আহাম্মদ পৌর পাঠাগার মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘অক্টোবর বিপ্লব পুঁজিবাদী বিশ্বে সবচেয়ে বড় চাপ তৈরি করেছিল। সোভিয়েত ইউনিয়নের চাপের কারণে নারীদের ভোটাধিকার বাস্তবায়ন হয়েছিল। কিন্তু রাশিয়া ও চীন সেই বিপ্লবী চেতনা থেকে সরে এসেছে। সে কারণেই আজ তারা মিয়ানমারের পক্ষে কথা বলেন।’
আনু মুহাম্মদ আরও বলেন, ‘অক্টোবর বিপ্লবই মানুষের ইতিহাসে প্রথম বিপ্লব নয়। যখনই মানুষ নিপীড়িত হয়েছে, তখনই লড়াই করেছে। কারণ অর্থনীতিই মানুষের সবকিছু নির্ধারণ করতে পারে না।’ তিনি বলেন, ‘মার্কসের দৃষ্টিতে প্রতিটি মানুষই গুরত্বপূর্ণ। সমাজতন্ত্রের প্রধান লক্ষ্য মানুষকে মানুষের কাছে নিয়ে আসা, মানুষের মূল্যবোধ, সৃজনশীলতাকে খুঁজে পাওয়া, মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রহমান সিদ্দিক। সেমিনারে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি রাফিউর রাব্বি, খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল প্রমুখ।