ব্লেডের আঘাতে নবজাতকের মৃত্যুর অভিযোগ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

রাজশাহীরাজশাহীতে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকের ধারালো ব্লেডের আঘাতে নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলেছেন নবজাতকের স্বজনরা।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নবজাতকের বাবা রাতে (শুক্রবার) অভিযুক্ত চিকিৎসককে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
রাজশাহী নগরীর তালাইমারী এলাকার খালেদ হাসান জানান, তার স্ত্রী তামান্নাকে শুক্রবার সকালে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে তামান্নাকে পরীক্ষা-নিরীক্ষা করার পরে চিকিৎসক শায়লা আক্তার বাবলী দ্রুত সিজারের পরামর্শ দেন। চিকিৎসক  তাদের জানান যে, প্রসূতির পেটে পানির উপস্থিতি কম। তাই দ্রুত সিজারিয়ান অপারেশন করতে হবে। তা না হলে নবজাতককে বাঁচানো মুশকিল হয়ে যাবে।
খালেদ হাসান আরও জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়। চিকিৎসক বাবলী অপারেশনের এক ফাঁকে এসে তাদের জানান যে, নবজাতকের অবস্থা ভালো না। দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। চিকিৎসকের কথা অনুযায়ী নবজাতককে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান যে, নবজাতক অনেক আগেই মারা গেছে।

খালেদ হাসান বলেন, ‘সদ্য ভূমিষ্ঠ আমার মেয়ে সন্তানটির মাথায় ধারালো কিছু দিয়ে কাটা চিহ্ন আছে। সেই কাটা অংশ দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি ও আমার আত্মীয়-স্বজনরা ধারণা করছি যে, সিজারিয়ান করার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে চিকিৎসক শায়লা আক্তার বাবলী জানান, প্রসূতির পেটে পানি ছিল না। নবজাতকের অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। সিজারিয়ান করার পরে তিনি নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তিনি সুন্দরভাবে সিজার করেছেন ও সিজারিয়ান অপারেশনের সময় নবজাতক কোনও ধরনের আঘাত পায়নি বলেও দাবি করেন।
ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মাসুদ আলী জানান, প্রসূতির সিজারিয়ান অপারেশনের দায়িত্ব পালনকারী চিকিৎসকের কোনও ক্রটি ছিল না। প্রসূতির স্বজনরা বিষয়টি না বুঝেই উত্তেজিত হয়ে পড়েছেন।
রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সংবাদ পেয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।  তিনি বলেন, ‘ওই ঘটনায় নবজাতকের বাবা রাতে (শুক্রবার) ডা. শায়লা আক্তারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।’