ময়মনসিংহ শহরের সড়কগুলোর বেহাল দশা

ময়মনসিংহ শহরের সবক’টি সড়কের বেহাল দশায় নগরবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। অভিযোগ উঠেছে নিম্নমানের কাজ ও নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই এক বর্ষা না যেতেই সড়কের বেহাল দশা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে,বেশিরভাগ সড়কে ছোট বড় গর্ত, খানাখন্দে ভরা। এসব গর্তে পানি জমে থাকায় পথচারীসহ রিকশাচালকদের চলতে হচ্ছে আন্দাজের ওপর।

ময়মনসিংহ শহরের একটি সড়কের বেহাল দশাশহরের ব্রাহ্মপল্লী সড়কের চরপাড়া মোড় থেকে নাটকঘরলেন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পুরোটাই ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই এই সড়কটিতে কোমর সমান পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতার। পাশের বাঘমারা সড়কটিরও একই অবস্থা।

শহরের চরপাড়া মোড় থেকে পাদ্রী মিশন হয়ে পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজ পর্যন্ত সড়কে বড় বড় খানাখন্দের কারণে এই পথে কোনও হালকা যানবাহন যেতে চায়না। শহরের বাউন্ডারি রোডের অবস্থা আরও নাজুক। পথচারীদের অভিযোগ, গ্রামের রাস্তাও নাকি এর চেয়ে অনেক ভাল। শহরের কাশর রোডের অবস্থা এতটাই খারাপ যে, হালকা যানবাহনকে চলতে হচ্ছে পথচারীর গতিতে। যে কোনও সময় যে কোনও যান উল্টে যাওয়ার শঙ্কা তো থাকছেই।

শহরের দুর্গাবাড়ি রোড, ছোট বাজার, বড় বাজার, মহারাজা  রোড, ওল্ড পুলিশ ক্লাব রোড, স্টেশন রোড, কৃষ্টপুর, চরপাড়া মোড়, র‌্যালি মোড় থেকে পাটগুদাম ব্রিজ মোড়, সানকিপাড়া গোহাইলকান্দি সড়কসহ শহরের প্রায় সবকটি সড়কই সর্বশেষ গত ৩ দিনের বৃষ্টিতে বেহাল হয়ে পড়েছে।

ময়মনসিংহ শহরের একটি সড়কের বেহাল দশাময়মনসিংহ শহরে পৌরসভা ও সড়ক বিভাগের এসব সড়ক উন্নয়নে বছরজুড়ে কাজ করতে দেখা যায়। অথচ এক বর্ষা না যেতেই সড়ক বেহাল হয়ে পড়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম বলেন, ‘নিম্নমানের কাজ ও সামগ্রী ব্যবহারের কারণেই সড়কের এই বেহাল দশা।’

ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘বর্ষায় টানা বৃষ্টির কারণে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। শিগগিরই অগ্রাধিকার ভিত্তিতে জন সাধারণের চলাচল উপযোগী করতে সড়ক সংস্কার ও মেরামত কাজ শুরু করা হবে।’