গাজীপুরে আ.লীগের সভা ঘিরে দু’পক্ষের হাতাহাতি, আহত ১৫





নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও গোলযোগ দেখা দিলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় গাজীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভাকে ঘিরে শনিবার বিকালে জেলা শহরের দলীয় কার্যালয়ের প্রবেশমুখে ও আশপাশের এলাকায় দু’পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও গোলযোগ দেখা দিলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় হুড়োহুড়ির মধ্যে পড়ে কমপক্ষে ১৫জন আহত হয়েছেন।
গাজীপুর সদর উপজেলার সাবেক ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, সম্প্রতি গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে জেলা আওয়ামী লীগ। যা ছিল সম্পূর্ণ দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী। শনিবার (২৮ অক্টোবর) বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির পূর্ব নির্ধারিত সভা চলছিল। জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট রহমত আলী এমপি, সিমিন হোসেন রিমি এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়সহ কমিটির বেশ কয়েকজন সদস্য অংশ নেন। যথারীতি সভা শুরু হয়। সভা চলাকালে বিকাল ৫টার দিকে ওই সভায় আমরা সদর উপজেলা কমিটি বাতিলের দাবি জানাতে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছিলাম। এসময় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করে। এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাজীপুর জজকোর্টের আইনজীবী শফিকুল ইসলাম জানান, এসময় স্থানীয় ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেয়। জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী সড়কে গাড়ি চলাচল বিঘ্নিত হয় এবং সাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়িন্ত্রণ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, জেলা কমিটিতে দলীয় অবসস্থান ও কর্মকান্ড নিয়ে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলীর ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবকে সহ-সম্পাদক ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল হোসেন দুর্জয়ের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের দ্বন্দ্ব চলছিল।
সম্প্রতি জেলা আওয়ামী লীগ দলের সদস্য মোশাররফ হোসেন দুলালকে সভাপতি ও বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে সাধারণ সম্পাদক করে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা দেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে দুর্জয় গ্রুপের নেতা-কর্মীরা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে আসছিল।

গাজীপুর সদর ও টঙ্গী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) সাখাওয়াত হোসেন জানান, জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে অবস্থান নিয়ে নেতা-কর্মীরা হট্টগোল শুরু করলে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।