বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কুড়িগ্রাম প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব চত্বর থেকে একটি একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো চক্কর দিয়ে প্রেসক্লাবে এসে সমবেত হয় সবাই। এরপর কেক কেটে মিষ্টিমুখ করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এসময় একটি স্যুভেনির-এর মোড়ক উম্মোচন করা হয়েছে।
এরপরে সন্ধ্যায় সাঁঝের আলো-আঁধারিতে মরিচবাতির টিপটপ আলোতে বর্ণিল সাজে সেজে ওঠে প্রেসক্লাব। এসময় প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা ও কুড়িগ্রামের ঐতিহ্যবাহী লোকজ কুশান গান পরিবেশন করেন শিল্পীরা।
সকালের শোভাযাত্রা ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. জাফর আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল আউয়াল উদ্দিন আহমেদ প্রমুখ। এছাড়াও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুড়িগ্রাম এবং কুড়িগ্রামের বাইরের বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি মো. মমিনুল ইসলাম মঞ্জু বলেন, ‘সুবর্ণ জয়ন্তীর এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা নিজেদের গৌরবান্বিত মনে করছি। আজকের এ আনন্দ আয়োজনের মাধ্যমে কুড়িগ্রামের উন্নয়নে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে চেষ্টা করবো।’
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ক’ গ্রুপের জন্য বিষয় নির্ধারণ করা হয়- কুড়িগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, ‘খ’ গ্রুপের জন্য- তোমার চোখে কুড়িগ্রাম এবং ‘গ’ গ্রুপের জন্য- কুড়িগ্রামের ঐতিহ্য। শুক্রবার সুবর্ণ জয়ন্তী উৎসবের সময় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৬৭ সালের ২৭ অক্টোবর কুড়িগ্রাম প্রেসক্লাব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সাংবাদিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম শহরের সবুজ পাড়ায় পুরাতন ট্রেজারি ভবন (বর্তমান মহিলা সমিতির কার্যালয়)-এর সামনের একটি ঘরকে প্রেসক্লাব হিসাবে উদ্বোধন করেন তৎকালীন মহকুমা প্রশাসক এ কে রশীদ আহমেদ,ইপিসিএস। এরপর ১৯৭০ সালে প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়।
আরও পড়ুন:
‘কুড়িগ্রাম কেন দারিদ্রের শীর্ষে’ জানতে চেয়ে মানববন্ধন
ডিসেম্বরেই চালু হচ্ছে দ্বিতীয় ধরলা সেতু