রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তা তদন্ত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাবির জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক প্রভাষ কুমার জানান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ এবং ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু বকর মো. ইসমাইল। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
তিনি আরও বলেন, ‘চারুকলা অনুষদের প্রশ্নপত্রে ধর্মীয় উসকানির যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন বলে মনে করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার প্রশ্নপত্রে ধর্মীয় উসকানির অভিযোগ আনেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষক-শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
‘নীতি বিবর্জিত রাজনীতি থেকে তরুণদের বিরত থাকতে হবে’
ঢাবি ও বুয়েট শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া