শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশে দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি বলেছেন, ‘একটি ভাল বই একশ’ ভাল বন্ধুর সমান। তাই শিশুদের ভালো বই ও সৃষ্টিশীল বিষয় পড়তে উদ্বুদ্ধ করতে হবে।’
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে নাটোর এনএস সরকারি কলেজ মিলনায়তনে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গণশিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রাথমিক পর্যায়ের প্রতিটি বইতে সৃষ্টিশীল বিষয় রেখেছে। সেগুলো এড়িয়ে যাওয়া যাবে না। আবার শিশুদের প্র্যাকটিক্যাল জ্ঞান চর্চার ব্যাপারেও সচেতন থাকতে হবে।’ তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি কক্ষ শিক্ষামূলক উপকরণে সজ্জিত করতে হবে। এতে শিশুরা আনন্দ নিয়ে শিখবে। বিদ্যালয়ে আসতে আগ্রহবোধ করবে।’
সোনার বাংলা গড়ার অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর পরই প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেন উল্লেখ করে মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কয়েক দফায় বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেন। শিশুদের জন্য চালু করেন মিড-ডে মিল।’
বর্তমানে দেশের শিক্ষার্থীদের পরিমাণ বৃদ্ধি পেলেও শিক্ষার আশানুরূপ মান অর্জিত হয়নি উল্লেখ করেন তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের শিক্ষা থেকে আমাদের শিশুরা পিছিয়ে রয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সব শিশুকে ভালবাসার পরশ দিয়ে শেখাতে হবে।’ শিশুদের মুক্ত মনের মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
জেলা শিক্ষা বিভাগের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের এবং নাটোর এনএস সরকারি কলেজের অধ্যক্ষ সামসুজ্জামান।