ময়মনসিংহ মেডিক্যাল করেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার জানান, গুরুতর আহত আজগর আলী চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত মধ্য রাতে মারা গেছেন। পরে তার মৃতদেহ হাসপাতালের হিমাঘারে রাখা হয়। রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করার পর মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহত আজগর আলী বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুরের বাসিন্দা।
সাবেক এমপি রেজা আলী বলেন, ‘শনিবার দুপুরে ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নে রেনি ফার্মে এ বন্দুক পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হয় আজগর আলী। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বন্দুকটি আজগর আলীর নামে লাইসেন্স করা।’
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, আজগর আলী নিজের নামে লাইন্সেস বন্দুকের গুলিতেই মারা গেছেন। তবে তার পরিবারের কেউ যদি অভিযোগ করে তা আমলে নিয়ে তদন্ত করা হবে।
এদিকে আজগর আলীর নামে লাইসেন্স করা বন্দুকসহ ১০ রাউন্ড গুলি জব্দ করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি জাকিউর।
নিহতের ভাগিনা চিকিৎসক মোল্লা মিজানুর রহমান জানান, নিহত আজগর আলী ৩-৪ বছর ধরে রেজা আলীর গানম্যান হিসেবে কাজ করছেন। নিজের অসাবধানতার কারণেই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে তাদেরও ধারণা।