সিলেটে পুলিশের ওপর হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

গ্রেফতার ছাত্রলীগ নেতা তানভীর কবির চৌধুরীসিলেটের রিকাবিবাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা তানভীর কবির চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর লামাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
গত ১৫ আগস্ট সিলেটের রিকাবিবাজারে নুরী রেস্টুরেন্টে মহানগর পুলিশের মিডিয়া উইংয়ের সদস্য শফি আহমদের ওপর হামলা হয়। ওই হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয় তানভীর কবির চৌধুরী সুমনকে। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ১৫ আগস্ট মহানগর পুলিশের মিডিয়া উইংয়ের সদস্য শফি আহমদের ওপর সুমনসহ কয়েকজন মিলে হামলা চালায়। সুমনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক অভিযোগ রয়েছে। সে গ্রেফতার এড়াতে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল।’ পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে বলে জানান তিনি।
সুমনের গ্রেফতার প্রসঙ্গে জানতে চাইলে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার বলেন, ‘শুনেছি কোতোয়ালি থানার পুলিশ তানভীর কবির চৌধুরী সুমনকে গ্রেফতার করেছে। তিনি মহানগর ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক।’
সুমনকে নিয়ে পুলিশ সোমবার বিকাল ৪টার দিকে কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিং করা হবে বলে জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া শাখা।
আরও পড়ুন-
ঝালকাঠিতে গর্ভবতী নারীকে নির্যাতনের অভিযোগ
বৌলাই নদীতে খনন কাজ শুরু, স্বস্তিতে হাওরবাসী