ওসি জানান, গ্রেফতার চেয়ারম্যান অসুস্থতার ভান করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হলে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে স্কুলছাত্রী আত্মহননে প্ররোচনা, সরকারি কাজে বাধাসহ পুলিশের ওপর হামলা এবং হেরুঞ্জ খোড়াপাড়ার আলতাফ হোসেন নামে একজনকে মারধরের মামলায় রয়েছে।
অভিযোগ রয়েছে হুজাইফাতুল ইয়ামিন নামের এক বখাটে হাত ধরে টানাটানি করায় ও বিচার না পেয়ে রোজিফা আকতার সাথী গত ৮ অক্টোবর দুপুরে বাড়িতে আত্মহত্যা করে। ওইদিন সন্ধ্যায় তার বাবা থানায় ইয়ামিন ও তার বাবা মির আমিনুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। রাতে পুলিশ বজরাপুকুর বাজার থেকে আমিনুরকে গ্রেফতার করলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ও পুলিশের ওয়াকিটকি ছিনিয়ে নেয়।
পরে পুলিশের এসআই আবদুর রহিম থানায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হামলা এবং ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার মামলা করেন। পুলিশ ওই রাতে ২৬ জনসহ মোট ২৮ জনকে গ্রেফতার করে। সম্প্রতি ইয়ামিন ও তার বাবা আমিনুর আদালতে আত্মসমর্পণ করেছেন। পুলিশ গত ২৫ অক্টোবর জিয়ানগর-মাধাইমুড়ি সড়কের পাশে জমিতে বাঁশের খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা ওয়াকিটকি উদ্ধার করেছে।