নারায়ণগঞ্জে একটি মামলায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ চার জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে এ মামলার ৭৭ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আক্তার এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন।
জামিন পাওয়া নেতারা হচ্ছেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার থানা যুবদলের সভাপতি জুয়েল, আইনজীবী কামাল ও সোহাগ।
আদালত সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উদযাপনকে কেন্দ্র করে গত ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আড়াইহাজার থানার পুলিশ বাদী হয়ে নজরুল ইসলাম আজাদকে প্রধান আসামি করে ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে নাশকতার অভিযোগে মামলা দায়ের করে।
আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের এ মামলায় হাইকোর্ট থেকে বিএনপির ৮৮ জন নেতাকর্মী জামিন নেন। ২৫ অক্টোবর এ জামিনের মেয়াদ শেষ হয়। ওই দিন আদালতে হাজির হয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জামিন আবেদন করেন। এতে আদালত তাকে ৩১ অক্টোবর পর্যন্ত জামিন দেন। মঙ্গলবার ৮৭ আসামির মধ্যে ৮১ জন আদালতে হাজির হন। এসময় আদালত শারীরিক অসুস্থতার জন্য নজরুল ইসলাম আজাদ, আইনজীবী কামাল হোসেন, যুবদল নেতা জুয়েল আহমেদ, অনার্স পরীক্ষার্থী সোহাগকে জামিন দেন। পাশাপাশি বাকি ৭৭ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।