যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বেতার গেট এলাকার ‘নওয়াপাড়া জুটমিলের’ দু’টি গুদামের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের সাতটি ইউনিট। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা ধারণা করছেন, আগুন নেভাতে সারারাত লেগে যাবে।
স্থানীয়রা ও মিল শ্রমিকরা জানান, বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মিলের দু’টি গুদামে আগুন ছড়িয়ে পড়েছে।
মিলের প্রকল্প পরিচালক বায়েজিদ হোসেন দাবি করেন, গুদাম দু’টিতে পাটবোঝাই ছিল। তবে কত টাকার পাট ছিল, সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি তিনি।
এদিকে, যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, শুরুতে যশোর, অভয়নগর, মণিরামপুর ও খুলনার পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। পরে আরও দু’টি ইউনিটকে কাজে লাগানো হয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আগুন নতুন করে ছড়াবে না।’ গুদামভর্তি পাট থাকায় এ আগুন নিয়ন্ত্রণে আনতে সারারাত লাগতে পারে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের সহকারী এই পরিচালক আরও বলেন, ‘কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কত টাকার পাট রয়েছে গুদামে তা এখনই বলা সম্ভব নয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর তদন্ত সাপেক্ষে এসব তথ্য জানা যাবে।’