মাগুরায় বোরো সংগ্রহ অভিযান ব্যর্থ

মাগুরামাগুরায় ব্যর্থতায় পর্যবসিত হলো বোরো সংগ্রহ অভিযান। এবারে জেলায় বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৮৪৩ মেট্রিক টন। তবে সংগৃহীত হয়েছে মাত্র ১৫৩ মেট্রিক টন।

মাগুরা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত মে মাসে বোরো সংগ্রহ অভিযান শুরু হয়, শেষ হয় ৩১ অক্টোবর। মাগুরার তালিকাভুক্ত ১৪৭ জন মিলারের মধ্যে সাত জন চাল দিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

মাগুরা শহরের সাজিয়ারা এলাকার মিলার আসাদুর রহমান বলেন, ‘আমি চাল দিতে আগ্রহী ছিলাম না। কারণ, সরকারি মূল্য নির্ধারিত হয়েছে ৩৪ টাকা। সেখানে বাজারে চালের কেজি সর্বনিম্ন ৪৫ টাকা। আমি কেন বাইরে বিক্রি না করে ওখানে চাল দেব?’

সদর উপজেলার মঘি এলাকার মিলার শহীদুর রহমান বলেন, ‘আমরা লাভের জন্য ব্যবসা করি, লোকসানের জন্য নয়। চাল না দেওয়ায় আমাকে নাকি তিন বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাতে আমার কোনও দুঃখ নেই। ১৪৭ জনের ১৪০ জন যদি কালো তালিকাভুক্ত হয় তাহলে সংগ্রহ অভিযান তো ব্যর্থ হতে বাধ্য।’ তিনি আরও বলেন, ‘কালো তালিকাভুক্ত না করে যথার্থ দাম নির্ধারণ করতে পারলেই সমস্যার সমাধান হবে।’

মাগুরা সুশাসনের জন্য নাগরিক (সুজন) শরাফত হোসেন বলেন, ‘সরকার যদি চাল সংগ্রহ অভিযানে মূল্যবৃদ্ধি না করে তাহলে অভিযান ব্যর্থ হবেই। আর সরকারের মজুদের স্বল্পতার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা চালের মজুদ করে দাম বাড়াবে।’

মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম বলেন, ‘১৪৭ জন মিলারের মধ্যে মাত্র সাত জন চাল সংগ্রহ অভিযানে অংশ নিয়েছেন। এ কারণেই সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে। আমরা বাকি ১৪০ মিলারকে তালিকাভুক্ত করেছি। আগামী তিন বছর তারা চাল দিতে পারবে না।’