২৮ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুরপাড় থেকে ২৮টি মামলার আসামি মাসুম বিল্লাহর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময়  বাগানে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে স্থানীয়রা লাশটিকে শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুমের বলে সনাক্ত করেছে। ঘটনাস্থল  থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে। স্থানীয় মাসুদ, শাহাদাত ও মাসুম বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ‘নিহত মাসুমের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ২৮ টি মামলা রয়েছে।’ মাসুমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয় মাসুদ, শাহাদাত ও মাসুম বাহিনীর মধ্যে গোলাগুলিতে সন্ত্রাসী মাসুম নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুইটি এলজি, একটি দোনালা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্তুজ ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করা হয়। মাসুম সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজ উল্লাহর ছেলে।