মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে জামায়াত-বিএনপি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের কাছে সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে জামায়াত-বিএনপি। তারা ক্ষমতায় এলে রোহিঙ্গাদের আরও ভালোভাবে রাখবে, এমন লোভও দেখাচ্ছে। এমনকি, জামায়াতের বিভিন্ন এনজিও রোহিঙ্গা যুবকদের জঙ্গিবাদে ঠেলে দিচ্ছে। তাই জাতীয় ও জনগণের নিরাপত্তার কথা ভেবে রোহিঙ্গাদের শিগগিরই মিয়ানমারে ফেরত পাঠাতে হবে।’
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে রাজশাহীতে আয়োজিত ‘রোহিঙ্গা গণহত্যাকারীদের আন্তর্জাতিক আদালতে বিচার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নগরীর মিয়াপাড়ার সাধারণ গ্রন্থাগারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগর শাখা এ আলোচনা সভার আয়োজন করে।
শাহরিয়ার কবির বলেন, ‘রোহিঙ্গা গণহত্যায় জড়িত মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের আন্তর্জাতিক আদালতের (আইসিসি) মাধ্যমে বিচার করতে হবে। আমরা ভুক্তভোগী রোহিঙ্গাদের স্বাক্ষর নিচ্ছি। এর মাধ্যমে আইসিসিতে মামলা করা হবে। একবার আইসিসির রায় হয়ে গেলে জাতিসংঘের জন্য তা অবশ্য পালনীয় হয়ে যাবে। এতে জাতিসংঘ তখন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।’
তিনি আরও বলেন, ‘মিয়ানমার অভিযোগ করছে, বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত না দিয়ে বিদেশিদের সহযোগিতা নিচ্ছে। এ অভিযোগের কোনও ভিত্তি নেই। কেননা, রোহিঙ্গাদের জায়গা দিতে গিয়ে বাংলাদেশ পরিবেশগত, স্বাস্থ্যগত, শিক্ষাগত ঝুঁকিতে আছে। ওই এলাকার শ্রমিকরা কাজ পাচ্ছেন না। স্কুলগুলো বন্ধ হয়ে আছে। রোহিঙ্গা যুবকদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রবণতা বাড়ছে। তাই রোহিঙ্গাদের শিগগিরই ফেরত পাঠানো প্রয়োজন।’
ভাষা সৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান, রাজশাহী জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী মহানগর শাখার নির্বাহী সভাপতি অধ্যাপক সুজিত সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী জেলা নির্মূল কমিটির সদস্য আবুল হাসান খন্দকার প্রমুখ।