রাষ্ট্রপতির স্বাক্ষর-সিল জালিয়াতি, একজনের ২ দিনের রিমান্ড

কিশোরগঞ্জরাষ্ট্রপতির স্বাক্ষর ও সিলমোহর নকল করে জালিয়াতির অভিযোগে কিশোরগঞ্জে আরাধন চন্দ্র দে নামে এক তরুণকে গ্রেফতারের পর দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক  ইকবাল মাহমুদ এই আদেশ দেন।
পুলিশ জানায়, জেলার মিঠামইন উপজেলার ঢাকি ঠাকুরপাড়া গ্রামের নিত্য গোপাল দে’র পুত্র আরাধন চন্দ্র দে জেলা ও দায়রা জজ আদালতে অফিস সহকারী পদে চাকরির আবেদন করেন। আগামী ১০ নভেম্বর উক্ত পদ ছাড়াও আরও তিনটি পদে লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত আছে।
রাষ্ট্রপতির সুপারিশ করা চিঠির কথা বলে আরাধন গত ৩০ অক্টোবর  জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
আরাধনের নিয়োগের জন্য সুপারিশ করে লেখা উক্ত চিঠিতে রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিলমোহর দেখে সন্দেহ  হলে জেলা ও দায়রা জজ মুহম্মদ- মাহবুব উল ইসলাম পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল আরাধনকে থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া স্বীকারোক্তি মতে, পরদিন মঙ্গলবার দুপুরে পুলিশ জেলা শহরের বত্রিশ এলাকায় তাদের ভাড়া বাসা থেকে রাষ্ট্রপতির একটি নকল সিল উদ্ধার করে।

এ ঘটনায় জেলা জজ আদালতের নাজির অশোক কুমার পাল বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় প্রতারণার অভিযোগে আরাধন চন্দ্র দে-কে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

ফেনীতে বাসে আগুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ছাত্রদল নেতা মিলন