পুঠিয়ায় শিশুশিক্ষার্থীকে মারধর: স্কুলের দফতরি গ্রেফতার

rajshahiরাজশাহীর পুঠিয়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগে ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের নাইট গার্ড কাম দফতরি আবদুল হালিমকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (০৩ নভেম্বর) সকালে আদালতে তাকে সোপর্দ করা হবে। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওই ঘটনায়  নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে আবদুল হালিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।’

মামলার অভিযোগের বরাত দিয়ে ওসি সায়েদুর রহমান জানান, বুধবার সকালে স্কুল চলাকালীন ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র নাহিদ তার সহপাঠীর সঙ্গে মারামারি করলে ওই স্কুলের নাইড গার্ড কাম দফতরি আবদুল হালিম নাহিদকে বেত দিয়ে বেধড়ক পেটায়। বেতের আঘাতে একপর্যায়ে নাহিদ মাটিতে লুটিয়ে পড়ে। নাহিদের চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে আহত নাহিদ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।