সরকারি চাকরির দাবিতে মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন

মানববন্ধনসব সরকারি চাকরিতে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন টেকনোলজি ও শিপবিল্ডিং টেকনোলজির অন্তর্ভুক্তিকরণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছেন বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে দড়াটানা ব্রিজ সংলগ্ন বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরির যথেষ্ট সুযোগ না থাকায় আমাদের অনেক শিক্ষার্থী বেকার জীবনযাপন করছেন। তারা উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন টেকনোলজি ও শিপবিল্ডিং টেকনোলজির শিক্ষার্থীদের চাকরির দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থী কৌশিক চন্দ্র দাস, বাপ্পি সাহেব, মাহামুদ শিমুল, আরিফ রায়হান, মাসুক প্রমুখ।

এদিকে, শিক্ষার্থীদের মানববন্ধনের খবর সংগ্রহ করতে গেলে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সাংবাদিকদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়া হয়। ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধ করেছেন বলে জানান গেটে কর্তব্যরত দারোয়ান।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।