রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ১১ নভেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় গণভবনে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তিনি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
রংপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন মেয়র পদে আওয়ামী লীগের ১৪ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। এলাকায় সভা-সমাবেশ ও গণসংযোগ করছেন।
আগামী ২১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থিতা বাছাই করে বৈধ প্রার্থী ঘোষণা করা হবে ২৩ ও ২৪ নভেম্বর। প্রার্থিতা বাতিল হলে আপিল করা যাবে ২৫ ও ২৬ নভেম্বর। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আপিল নিষ্পত্তি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ ডিসেম্বর। ২১ ডিসেম্বর ভোট নেওয়া হবে।
আরও পড়তে পারেন: রসিক নির্বাচনের তফসিল ঘোষণা