রেলওয়ের লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা এড়াতে জামালপুরে বাংলাদেশ রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৬ নভেম্বর) সকালে জামালপুর শহরের গেইটপাড় এলাকায় রেল লাইনের উভয় পাশ থেকে শতাধিক ঘর-বাড়ি ও ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। রেল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
এ ব্যাপারে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে এবং রেলওয়ে লেভেল ক্রসিং-এ দুর্ঘটনা এড়াতেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।’
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আবরার হোসেন, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ঢাকা) মনিরুল ইসলাম পাটোয়ারী, জামালপুর রেলওয়ে থানার ওসি মো. নাছিরুল ইসলাম মজুমদার, এসআই আকবর হোসেন প্রমুখ।
রেল কর্মকর্তারা জানান, জামালপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে জামালপুর-দেওয়ানগঞ্জ ও জামালপুর-তারাকান্দি সেকশনের পাঁচ কিলোমিটার পর্যন্ত রেলপথে ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান চালানো হচ্ছে। পর্যায়ক্রমে রেল লাইনের দুই পাশে স্থাপিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।