ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং অন্যতম বিরোধী দল বিএনপির অন্তত ১৮ জন ব্যক্তি মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন। অনেকেই ঢাকায় অবস্থান করে দলের শীর্ষ নেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন। শুরুতে আওয়ামী লীগ থেকে ১৩ জন মেয়র প্রার্থী হতে চাইলেও হাল ছেড়ে দিয়েছেন অনেকে, তবে এখনও দলীয় মনোনয়ন পাওয়ার হাল ছাড়েননি ছয় জন। মেয়র পদে লড়ার জন্য দলের টিকেট পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন তারা। এদের মধ্যে বর্তমান সিটি মেয়র শরফ উদ্দীন আহমেদ ঝন্টু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান, মহানগর আওয়ামী লীগ সভাপতি শাফিয়ার রহমান, মেট্রোপলিটন চেম্বার সভাপতি রেজাউল ইসলাম মিলন, সাবেক চেম্বার সভাপতি আবুল কাশেম এবং রংপুর-৫ আসনের সাংসদ ও দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের আলোচিত ছয় প্রার্থীর মধ্যে ক্লিন ইমেজ, রাজনৈতিক দক্ষতা, আগামী জাতীয় নির্বাচনের বৈতরণী পার করানোর ক্ষমতা, কর্মীদের মধ্যে জনপ্রিয় ও দলের শীর্ষ পর্যায়ে যোগাযোগ ভালো এমন কাউকেই প্রার্থী হিসেবে পেতে চাইছেন স্থানীয় নেতাকর্মীরা।
কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিয়ে দলের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল দুই জনই দলের মেয়র প্রার্থী হতে চাইছেন। এছাড়াও কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামানও দলের টিকিট পাবেন বলে আশা করছেন। এ ছাড়াও বর্তমান মেয়র শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু আবারো দলের মনোনয়ন পেয়ে যাবেন বলে প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে মনোনয়নের ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে সাবেক পৌর মেয়র ও জাতীয় পার্টির নেতা আব্দুর রউফ মানিকের সমর্থকদের পক্ষ থেকে।
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবু নিজেকে মেয়র প্রার্থী দাবি করে বলেছেন, ‘বর্তমান মেয়র ঝন্টুকে মনোনয়ন দিলে আমরা কেউ কাজ করবো না। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদের সাথে দেখা করে বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে।’ মেয়রের বিরুদ্ধে একই সুরে কথা বলেছেন আরেক মেয়র প্রার্থী ও রংপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি শাফিয়ার রহমান। মেয়র ঝন্টুর বিরুদ্ধে অনেক রকম অভিযোগ করেছেন তারা। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শরফ উদ্দীন আহমেদ ঝন্টু জানান, এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এদিকে অন্যান্য নেতারা রাশেক রহমানকে নিয়ে না ভাবলেও ব্যানার পোস্টারে প্রচারণার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করছেন তিনি।
আরও পড়ুন:
সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: মিয়ানমারকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ