বাগেরহাটে জমি নিয়ে বিরোধ, নিহত ১

বাগেরহাটবাগেরহাটে জমি-জমা সক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সাবলের আঘাতে পল্লব বসু (২৮) নামের এক তরুণ নিহত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিৎকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পল্লব বসু বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আফরা গ্রামের মৃত স্বপন বসুর ছেলে।

বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, নিহতের স্বজনদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের বড় ভাই লিপন কুমার বসু বলেন, ‘আফরা গ্রামে আমাদের ভোগদখলীয় একটি জমি নিয়ে একই এলাকার ছামাদ মোড়েলের সঙ্গে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার  (৭ নভেম্বর) বিকালে আমার ভাই পল্লব বসু ওই জমিতে কাজ করতে যায়। এসময় আজম মোড়ল, আজাদ মোড়ল ও তাদের বাবা ছামাদ মোড়ল ঘটনাস্থলে গিয়ে পল্লবের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা পল্লবের হাতে থাকা লোহার সাবল ছিনিয়ে নিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার চাচা বৃদ্ধ অরুন বসু তাকে উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে পল্লবকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে খুলনা এবং অবস্থার অবনতি হলে  বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচারের পর বুধবার দুপুরে তার মৃত্যু হয়।