ভ্রাম্যমাণ আদালতের অভিযানদিনাজপুরের হিলিতে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে আইপি নামের এক ইটভাটার সমস্ত ইট গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটাটি সিলগালা করে দেওয়া হয়। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় হিলির জালালপুরে ওই ইটভাটায় অভিযান চালান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শুকরিয়া পারভীন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার মনজেল হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মনজেল হোসেন জানান, অভিযানকালে তারা ইটভাটার কোনও কাগজপত্র দেখাতে পারেনি। পরে ভাটার ইটগুলো পানি দিয়ে ভিজিয়ে ও তার ওপর বুলডোজার চালিয়ে ইটগুলো নষ্ট করে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানঅফিস সুপার জানান, তারা লাইসেন্সের সব শর্ত মেনে সংশ্লিষ্ট দফতরে আবেদন করে যদি অনুমতি মেলে তবেই সেখানে ইটভাটা চালাতে পারবে। বর্তমানে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
এসময় সেখানে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।