বগুড়া কর অঞ্চলে সপ্তমবারের মতো সেরা করদাতা মাসুদুর রহমান

Bogra-08-11-17-Picture-05বগুড়া কর অঞ্চলে সপ্তমবারের মতো সেরা করদাতার সম্মাননা পেলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক মাসুদুর রহমান মিলন। বুধবার বগুড়ার নিশিন্দারা উপ-শহরে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান প্রধান সেরা করদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বগুড়া কর অঞ্চলে মোট ২৮ জন করদাতাকে সম্মাননা দেওয়া হয়। যাদের মধ্যে রয়েছেন দীর্ঘসময় কর প্রদানকারী দুইজন, সর্বোচ্চ কর প্রদানকারী তিন জন, একজন নারী সর্বোচ্চ করদাতা এবং একজন ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতা।

এছাড়াও অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রথমবারের মতো একই পরিবারের সবাই কর দেওয়ায় প্রতি জেলায় একটি পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ উপাধি দিয়েছে।

উল্লেখ্য, গত ১-৭ নভেম্বর আয়কর মেলায় বগুড়া কর অঞ্চলে মোট ১০ হাজার ৮৫৬ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন। মোট কর আদায় হয়েছে সাত কোটি ১৪ লাখ টাকা। গত বছর আয়কর মেলায় মোট ৫ হাজার ৫৪৩ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছিলেন। ওই বছর আয়কর আদায় হয়েছিল ৪ কোটি ৬০ লাখ টাকা।

বগুড়া কর অঞ্চলের কর কমিশনার একেএম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্-উল-আলম, আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক এমএ মতিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জোনাল কর আইনজীবী সমিতির সভাপতি আবদুল হামিদ প্রমুখ।

আরও পড়ুন:
যেখানে আছি নিরাপদে আছি: বিশ্বজিৎ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ইউনুস