বগুড়ায় চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে যুবলীগ নেতাকে ছুরিকাঘাত

বগুড়াবগুড়া শহরের সার্কিট হাউজের কাছে বৃহস্পতিবার বিকালে ইজিবাইক চালকদের কাছে চাঁদাবাজি নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে আহত হয়েছেন যুবলীগ নেতা  ইসলাম হোসেন (৩২)। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা যুবলীগ নেতা ফজলে রাব্বী মিথুন দাবি করেছেন, ইজিবাইক চালকদের কাছে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পী এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ইজিবাইক চালকদের কেউ এ হামলা করে থাকতে পারে।

বগুড়া জেলা সিএনজি ও ইজিবাইক মালিক সমিতির সভাপতি শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পী জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে ৫-৬টি মোটরসাইকেলে যুবলীগের ১৩ নম্বর ওয়ার্ড বেতগাড়ি বন্দর কমিটির সাধারণ সম্পাদক ইসলাম হোসেন, যুবলীগ কর্মী মিথুন, রাসেল, রাজন ও সৈনিক লীগ নেতা সবুজ সওদাগরসহ কয়েকজন সার্কিট হাউজের সামনে ইজিবাইক স্ট্যান্ডে আসেন। তারা চালকদের কাছে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা দাবি করেন এবং হুমকি দেন অন্যথায় এখান থেকে গাড়ি চালাতে দেবেন না। এতে রাজি না হলে তারা চেইন মাস্টার রাজন ও শাওনসহ কয়েকজন চালককে মারধর করেন। তারা চেইন মাস্টারদের কাছ থেকে ৭ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেন।

বাপ্পী আরও জানান, এ সময় ওই স্ট্যান্ডের ইজিবাইক চালকরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যান। তখন শাজাহানপুর উপজেলার উত্তর বেতগাড়ি এলাকার ইয়াসিন আলীর ছেলে যুবলীগ নেতা ইসলাম হোসেন  ছুরিকাঘাতে  আহত হন। তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।

জেলা যুবলীগ নেতা ফজলে রাব্বী মিথুন দাবি করেছেন, ইজিবাইকে চাঁদাবাজির প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফাহিম, নাসিম, রনি রায় ও অন্যরা এ হামলা চালিয়েছেন। তাদের ছুরিকাঘাতে যুবলীগ ১৩ নম্বর ওয়ার্ড বেতগাড়ি বন্দর কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন গুরুতর আহত হয়েছেন।

সদর ফাঁড়ির টিএসআই ফজলে এলাহী জানান,অভ্যন্তরীণ কোন্দলে হোসেন ছুরিকাঘাতে আহত হয়েছেন। ছিলিমপুর ফাঁড়ির টিএসআই আশুতোষ মিত্র জানান, ইসমাইল হোসেনের পিঠে ছুরির আঘাত রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যে কোনও সময় ফের সংঘর্ষের  আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরও পড়ুন: 

মিঠামইনে জলমহাল নিয়ে সংঘর্ষে তিন ভাইসহ নিহত ৫