নীলফামারীতে সড়ক উন্নয়নে ২২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন

সম্প্রসারণ করা হবে এ সড়ক

নীলফামারীতে সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজের জন্য ২২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)। নীলফামারী-সৈয়দপুর ও উত্তরা ইপিজেড সংলগ্ন প্রধান সড়কটি সম্প্রসারণের জন্য এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে জমি অধিগ্রহণ, আরসিসি কালভার্ট নির্মাণ, বিদ্যুৎ খুঁটি সরানো, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এ প্রকল্পের আওতায় রয়েছে।

জেলা সড়ক ও জনপদ (সওজ) কার্যালয় সূত্রে জানা যায়, জেলা শহরের চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান চত্বর থেকে উত্তরা ইপিজেড হয়ে সৈয়দপুর ওয়াপদা মোড় পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার পাকা রাস্তা সম্প্রসারণ ও বিভিন্ন কাজে ২২৫ কোটি টাকা ব্যয় হবে।

এ সড়কের উন্নয়নে প্রকল্প অনুমোদন করেছে সরকার

সড়ক ও জনপদ (সওজ) অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের মোহাম্মদ হামিদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি নীলফামারী-সৈয়দপুর মহাসড়ক প্রস্তুতকরণ ও মজবুতিকরণ নামে প্রকল্পটি একনেক সভায় পাশ হয়েছে। চলতি অর্থ বছরেই এই সড়কের কাজ শুরু করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে নীলফামারী থেকে সৈয়দপুর জেলা শহরের সঙ্গে সংযোগ ও উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রাণকেন্দ্র উত্তরা ইপিজেড অবস্থিত এখানে, তাই সড়কটি সম্প্রসারণ করা খুবই গুরুত্বপুর্ণ। নারী-পুরুষ মিলে সকাল ও বিকালে প্রায় ২৪ হাজার শ্রমিক ওই সড়ক দিয়ে চলাচল করে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৭ নভেম্বর) একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রকল্প পাশ করা হয়েছে।