লক্ষ্মীপুরে কৃষকলীগ নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

লক্ষ্মীপুরে কৃষকলীগ নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিললক্ষ্মীপুরে জেলা কৃষকলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে সদর উপজেলা কৃষকলীগের ব্যানারে ঝাড়– নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের পুরনো মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে  নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল বের করে  প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।

বিক্ষুব্ধরা নেতা-কর্মীরা জানান, জেলা কৃষকলীগের সভাপতি ওমর হোসাইন ভুলু ও সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা

বিভিন্ন ইউনিয়নের সম্মেলন ও কমিটি দেওয়ার নামে ইউনিয়ন পর্যায়ের নেতাদের কাছ থেকে অনৈতিকভাবে ব্যাপক চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ করে আসছেন। এতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দাবি করে তারা শীর্ষ এ দু’নেতার বিরুদ্ধে ঝাড়– মিছিল বের করেন বলে জানান।

মিছিলে কৃষকলীগ নেতা কামাল হোসেন, শামছুল আলম, আরিফ, রাশেদসহ সদর উপজেলা কৃষকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে জানতে চাইলে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা পাল্টা অভিযোগ করে বলেন, ‘সদর উপজেলা কমিটির নেতারা সম্প্রতি লাহারকান্দি ইউনিয়নে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীদের দিয়ে  কমিটি দেওয়ায় উপজেলা কমিটির সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও নবগঠিত ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা কমিটি।’ যারা ঝাড়– মিছিল করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এব্যাপারে জানতে জেলা কৃষকলীগের সভাপতি ওমর হোসাইন ভুলুর মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।