দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তি থেকে ক্ষমতায়ন আসে: পররাষ্ট্রমন্ত্রী

বক্তব্য রাখছেন আবুল হাসান মাহমুদ আলী (ছবি- প্রতিনিধি)

পরিবর্তনশীল বিশ্বের জ্ঞান-বিজ্ঞান অনুশীলনের জন্য দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, ‘আমরা দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। এই পরিবর্তনের শর্ত পূরণের জন্য প্রতিটি দেশের নিজস্ব পদ্ধতি রয়েছে। আমাদের পদ্ধতি হলো, জনগণের ক্ষমতায়ন এবং পরিবর্তনের এজেন্টগুলোর উন্নয়ন। দক্ষতা, জ্ঞান এবং প্রযুক্তি থেকে ক্ষমতায়ন আসে।’

বুধবার (১৫ নভেম্বর) গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র (আইইউটি) ৩১তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন আইইউটি’র উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নুর।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমেই সক্ষমতা অর্জন সম্ভব। এ লক্ষ্যেই আইইউটি তার অবদান রেখে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণে কাজ করছে। দেশে দক্ষ জনশক্তি তৈরিতে আইইউটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে আইইউটি’তে মেয়েদের লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। পাশাপশি মেয়েদের থাকার ব্যবস্থার জন্য সরকার টাকা বরাদ্দ দিয়েছে। আপাতত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেয়েদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করেছে। এ প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারের সমর্থন অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে ওআইসি’র মহাসচিব ও আইইউটি’র আচার্য ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিনের বাণী পাঠ করেন আইইউটি’র টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বিভাগের প্রধান অধ্যাপক চি কুম ক্লেমেন। এছাড়া বক্তব্য রাখেন আইইউটি’র গভর্নিং বডির চেয়ারম্যান ড. মোহাম্মাদ সাঈদ আলালাম আল জাহ্রানী এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অধ্যাপক এনায়েত উল্লাহ পাটোয়ারী।