ঝালকাঠিতে জেলে-পুলিশ সংঘর্ষ, নারীসহ আহত ১১

ঝালকাঠি

বিষখালি নদী থেকে এক জেলেকে আটকের পর মারধরের ঘটনায় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে বড়ইয়া গ্রামের বিষখালি নদীর বুথমারা খালের মোহনায় এ ঘটনা ঘটে।

 জেলে-পুলিশ সংঘর্ষে এক নারী ও ৫ পুলিশসহ মোট ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহতদের মধ্যে ৩ জেলে, ২ ট্রলার চালক ও  বাখেরগঞ্জের নিয়ামতির নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমানও রয়েছেন।

পুলিশ ও আহত জেলেরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বিষখালি নদীতে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ শিকারের সময় নূর জামালসহ ৩ জেলেকে আটক করে ট্রলারে টহলরত ৮ সদস্যের একটি নৌ-পুলিশের দল। নূর জামালকে পুলিশ হেফাজতে রাখলেও বাকি ২ জেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

পরে জেলে নূর জামালকে পুলিশের ট্রলারে বেঁধে নির্যাতন করা হচ্ছে, এমন খবরে জেলে ও এলাকাবাসী কয়েকটি ট্রলারে করে ঘটনাস্থলে গিয়ে তাকে ছিনিয়ে নিয়ে আসার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, এ ঘটনায় আহত নৌ-পুলিশ বাখেরগঞ্জের নিয়ামতির নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন।