জঙ্গি সোহেল মাহফুজের প্রধান সহযোগী আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার

গ্রেফতার হওয়া জঙ্গি শামিম প্রকাশ ওরফে আব্দুল্লাহ (ছবি- প্রতিনিধি)

নব্য জেএমবির শীর্ষনেতা ও হলি আর্টিজান মামলার মূল আসামি সোহেল মাহফুজের প্রধান সহযোগী শামিম প্রকাশ ওরফে আব্দুল্লাহকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পিড়াসন বোয়ালমারি বিলের একটি গভীর নলকূপ সংলগ্ন ঘরের ভেতরে গোপনে বৈঠক করার সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া আব্দুল্লাহ গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠালবাড়ি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে ও নব্য জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার সদস্য।

বৃহস্পতিবার বিকালে ব্রিফিং করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে বোয়ালমারি বিলের একটি গভীর নলকুপ সংলগ্ন ঘরের ভেতরে গোপনে বৈঠক করার সময় আব্দুল্লাহকে গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ২০১২ সালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের জেমএবি নেতা সালমান হত্যার অন্যতম আসামি আব্দুল্লাহ। তার বিরুদ্ধে আদালতে তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ স্বীকার করেছে, ২০১১ সালে সে জঙ্গি সংগঠন আইএসে যোগ দেয় এবং হলি আর্টিজান মামলার মূল আসামি সোহেল মাহফুজকে সার্বক্ষণিক পাহারা দিতো। ওই সময় তার কাছে দুইটি পিস্তল থাকতো।