চট্টগ্রামে দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত ২

চট্টগ্রাম

খেলা শেষে বিশ্রাম নিতে গিয়ে চট্টগ্রাম নগরীর পূর্ব মাদার বাড়ি এলাকায় দেয়াল চাপায় মো. ইসহাক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাদার বাড়ি এলাকার সিটি করপোরেশন বালুরমাঠ সংলগ্ন সরকারি দেয়াল ধসে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ইসহাক সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা সালেহ আহমেদের ছেলে। তিনি পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি পানের দোকান চালাতেন।

আহত দু'জন হলেন, আসিফ ও রাফি। তাদের চট্টগ্রাম মেডিল্যাক কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আসাদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, 'সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ক্রিকেট খেলা শেষে মাঠের পাশে বিশ্রাম নিতে গেলে হঠাৎ দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ইসহাক মারা যান। এ ঘটনায় আরও দু'জন আহত হন, যাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।'