বুধবার (২২ নভেম্বর) দুপুরে ঠোঁট কাটা ও ফাটা তালু শিশুদের ফ্রি চিকিৎসা ক্যাম্পে খাইরুলের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। কক্সবাজার মা ও শিশু হাসপাতালে স্মাইল ট্রেন বাংলাদেশ এই আয়োজন করে।
খাইরুল বলেন, ‘আল্লাহর মর্জি আমাকে মায়ের পেটে এভাবে জন্ম দিয়েছে। জীবনে কখনও ভালোভাবে হাসতে পারিনি। পারিনি নিজের চেহারাটি সমাজে দেখাতে। নিজেকে খুব খারাপ লাগে। ঠোঁট কাটা হওয়ায় বন্ধু-বান্ধবদের তিরষ্কার, সমাজের নানা কথা শুনতে হয়েছে। এভাবেই বেড়ে ওঠা আমার। মিয়ানমারের রাখাইনে ঠোঁট কাটা তো দূরের কথা এমনিতেই কোনও চিকিৎসা নেই। কোনও রোগীকে চিকিৎসা নিতে হলে বাংলাদেশ ছাড়া কোনও বিকল্প নেই। বিশেষ করে ঠোঁট কাটা রোগের চিকিৎসা করতে হলে আকিয়াব অথবা রাজধানী রেঙ্গুন যেতে হয়। এটি অনেকটা ব্যয় বহুল। যার কারণে কোনও রোহিঙ্গা নাগরিকের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হয় না।’
খাইরুল বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের মাঝিদের (সর্দার) সহযোগিতায় কক্সবাজার শহরে চিকিৎসা নিতে আসলাম। জীবনে কখনও কক্সবাজার শহর দেখিনি। এখানকার ডাক্তার ও মানুষরা খুব ভালো। আমার বিশ্বাস অপারেশনের পর ভাল হয়ে যাবো। বন্ধু-বান্ধবদের সঙ্গে প্রাণ খুলে হাসবো, সমাজে ভাল করে চলাফেরা করতে পারবো। আল্লাহর কাছে প্রার্থনা করতাম, জীবনে যেন একটি বারের মতো আমার ঠোঁট কাটা রোগটি ভাল করে দেয়। এই স্বপ্নটি নিয়েই বেঁচে আছি। আজ আমার স্বপ্ন পূরণের দিন।’
স্মাইল ট্রেন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে রোহিঙ্গাদের মানবিক সহায়তার অংশ হিসাবে আমাদের এই আয়োজন। এনজিও ব্যুরোর অনুমোদন নিয়ে হোপ ফাউন্ডেশনের সহায়তায় ঠোঁট কাটা রোহিঙ্গা ফ্রি অপারেশন করা হবে। এসব শিশুদের দুই দিন ধরে ফ্রি খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে।’
অপারেশনের এক সপ্তাহের মধ্যে ঠোঁট কাটা রোগী সম্পূর্ণ ভাল হয়ে যাওয়ার কথা উল্লেখ করে শিশু-কিশোর প্লাস্টিক ও লেজার সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. বিকে দাশ বলেন, ‘ঠোঁট কাটা কোনও শিশুর অপারেশনের সময় শিশুর বয়স ৯ মাস এবং ওজন ৫ কেজি কিনা খেয়াল রাখতে হয়। বিশেষ করে ছোট বয়সে অপারেশন করা হলে ভাল ফল আসে। এতে করে অপারেশনের দাগ থাকে না।’