বুধবার বেলা ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মাদারীপুর জেলা শাখার কর্মকর্তা জান্নাতুল ফেরদাউস সদর হাসপাতাল এলাকায় একটি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার ফার্মেসি মালিকরা দুপর ১২টার দিকে সদর হাসপাতাল রোডে জড়ো হয়ে প্রতিবাদ সভা করেন। এরপর সেখান থেকেই অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি বন্ধ ঘোষণা করেন তারা। পরে জেলার বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের মাধ্যমে এ কর্মসূচি জানিয়ে ফার্মেসি বন্ধ করানো হয়।
কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিব হাসান অভিযোগ করে বলেন, চলতি মাসেই মাদারীপুর সদর হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার কর্মকর্তার পক্ষ থেকে চার বার অভিযান চালানো হয়েছে। কমিশনের কারণে সাধারণ ও ছোটখাটো ত্রুটির জন্য অনেক বেশি টাকা জরিমানা করে হয় বলে অভিযোগ করেন তিনি। এরই প্রতিবাদে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
ওষুধের দোকান বন্ধের কারণে সদর হাসপাতাল, বিভিন্ন ক্লিনিকসহ জেলার বিভিন্ন এলাকার রোগী ও তাদের স্বজনরা প্রয়োজনীয় জরুরি ওষুধের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন।