নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাবের হাতে গ্রেফতার হওয়া নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য মো. আবু ইসহাকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিন এ রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার বিকেলে র্যাব-১১ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক মো: শাকিল আহমেদের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবু ইসহাককে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার (২৮ নভেম্বর) দিনগত রাতে রূপগঞ্জের বরপা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইসহাককে গ্রেফতার করে র্যাব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বিপুল সংখ্যক জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। ইসহাকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ২০০২ সালে ইসহাক জেএমবির সঙ্গে যুক্ত হয়।