শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা নিয়ে ভারত ভ্রমণে প্রধান শিক্ষক!

পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা নিয়ে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজা ভারতে ঘুরতে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

কয়েকজন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, ১৯ নভেম্বরের আগেই পরীক্ষার্থীরা ফরম পূরণ বাবদ টাকা তুলে দেন প্রধান শিক্ষকের হাতে। এর পরপরই প্রধান শিক্ষক ছুটি নিয়ে ভারতে ঘুরতে চলে যান। এদিকে, এসএসসির ফরম পূরণের শেষদিন ছিল মঙ্গলবার (২৮ নভেম্বর)। এ অবস্থায় ওই প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের টাকায় এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করা হয়েছে।

বিদ্যালয় সূত্র জানায়, এবার সাকোয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে। ফরম পূরণের জন্য তারা দুই হাজার থেকে দুই হাজার ৭০০ টাকা করে প্রধান শিক্ষকের কাছে জমা দেয়। ১৯ নভেম্বর ফরম পূরণের প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে প্রধান শিক্ষক ভারতে ঘুরতে চলে যান।

বিদ্যালয়ের আরেকটি সূত্র জানায়, এর আগেও সায়েদ মঞ্জুরুল হাসান সুজার বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। অধিকাংশ সময়ই তিনি কাউকে কিছু না জানিয়ে বা কখনও কখনও ছুটি না নিয়ে বিদেশ চলে যান।

সাকোয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ‘পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা নিয়ে প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজা ভারতে ঘুরতে গেছেন। তবে আমার কাছে কোনও দায়িত্ব দিয়ে যাননি।’

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মারু বলেন, ‘প্রধান শিক্ষক কবে আসবেন জানি না। তবে ভারতে যাওয়ার কথা বলে ১০ দিনের ছুটির দরখাস্ত আমার কাছে দিয়েছেন।’

দেশের বাইরে থাকায় প্রধান শিক্ষক সায়েদ মঞ্জুরুল হাসান সুজার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।