স্বামীর দায়ের করা যৌতুকের মামলায় জামিন পেলেন স্ত্রী

আদালত

চট্টগ্রামে যৌতুকের অভিযোগে স্বামীর দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন নাজমুন নাহার নাজু নামে এক গৃহবধূ। রবিবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন নাজমুন নাহার; শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করেন। বাদীর আইনজীবী কংকন দেব এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত নাজমুন নাহার নগরীর হালিশহর রামপুরা এলাকার মৃত আব্দুল কুদ্দুসের মেয়ে।

আইনজীবী কংকন দেব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১১ সালের ১৩ মে নগরীর চান্দগাঁও থানার কেবি আমান সড়কের বাসিন্দা মো. আবুল হাসানের সঙ্গে নাজমুন নাহার নাজুর বিয়ে হয়। তাদের সংসারে সাড়ে তিন বছর বয়সী এক কন্যা সন্তান আছে।’

তিনি আরও বলেন, ‘বিয়ের পর থেকে একটি ফ্ল্যাট কিনে দেওয়ার দাবিতে নাজমুন নাহার তার স্বামী আবুল হাসানকে নির্যাতন করে আসছিলেন। সম্প্রতি নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে গত ২৭ আগস্ট আবুল হাসান বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মামলা দায়ের করেন।’