বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে কিশোর-কিশোরীদের নিয়ে ক্লাব গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, ভবিষ্যতের জন্য কিশোর-কিশোরীদের গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই একনেকে এ প্রস্তাব পাস করা হবে।’
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে গাজীপুরে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনের অংশ হিসেবে গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ জন জয়িতাকে সম্মননা প্রদান এবং স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মুঞ্জুরুল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ জয়িতা ও স্বেচ্ছাসেবী নারী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৯১টি মহিলা সমিতি ও সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।