আইসিডি নিয়ে বিতর্কে সংসদ সদস্য ও বন্দর চেয়ারম্যান

বন্দর উপদেষ্টা কমিটির ১২তম সভা

চট্টগ্রাম বন্দর থেকে ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) ২০ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া নিয়ে বির্তকে জড়িয়েছেন সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ও বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল। রবিবার (১০ ডিসেম্বর) বন্দর উপদেষ্টা কমিটির ১২তম সভায় বন্দর চেয়ারম্যান কন্টেইনার জট কমাতে বেসরকারি উদ্যোগে দুইটি নতুন আইসিডি নির্মাণের ওপর জোর দিলে সংসদ সদস্য এর বিরোধিতা করে বন্দরের ২০ কিলোমিটারের মধ্যে কোনও আইসিডি নির্মাণ করা যাবে না বলে জানান। এর আগে গত ২৪ মার্চ উপদেষ্টা কমিটির ১১তম সভায় আলোচনা শেষে যানজট নিরসনে নগরীতে থাকা বেসরকারি আইসিডিগুলো দেড় বছরের মধ্যে নগরী থেকে ন্যূনতম ২০ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

রবিবারের সভায় বন্দর চেয়ারম্যান এম খালেদ ইকবার বলেন, ‘গত সভায় আইসিডিগুলো সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, জমি পাওয়া এবং নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে কয়েক বছর সময় লাগবে। বন্দরের প্রবৃদ্ধি যে হারে বাড়ছে, তাতে যদি আগামী এক বছরের মধ্য নতুন আইসিডি না হয়, তাহলে জট আরও বাড়বে।’ দুইটি প্রতিষ্ঠান নতুন আইসিডি করার প্রস্তাব করেছে জানিয়ে তাদের সুযোগ দেওয়ার পক্ষে মতামত দেন তিনি। তিনি আরও বলেন, ‘বে টার্মিনালের জন্য ৯০৭ একর জমি প্রয়োজন। আমরা জমি অধিগ্রহণের জন্য আবেদন করেছিলাম। ফাইলটি ছয় মাস ধরে ভূমি মন্ত্রণালয়ে পড়ে আছে।’

পাল্টা বক্তব্যে সংসদ সদস্য শামসুল হক চৌধুরী বলেন, ‘বন্দরের ২০ কিলোমিটারের মধ্যে নতুন আইসিডি নেওয়ার অনুমতি দেওয়ার প্রয়োজন নেই। কারণ রাস্তায় ট্রাক-লরি দাঁড়িয়ে থাকে। এতে যানজট সৃষ্টি হয়, অনেকে ফ্লাইট মিস করেন।’ তিনি আরও বলেন, ‘কেউ না করলে বন্দর নিজে আইসিডি করবে। ১০টি আইসিডি বন্দর করতেই পারে। নগরী থেকে ২০ কিলোমিটার দূরে গিয়ে সীতাকুণ্ড, মীরসরাই বা সাতকানিয়া করা যেতে পারে।’ এসময় শামসুল হক চৌধুরীর সঙ্গে একমত পোষণ করে ২০ কিলোমিটার দূরে আইসিডি সরিয়ে নেওয়ার বিষয়ে বক্তব্য দেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম, দিদারুল আলম।

এবিএম ফজলে করিম বলেন, ‘জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রিতার কথা না। ছয় মাস ভূমি মন্ত্রণালয়ে ফাইল পড়ে আছে, আমি এটা বিশ্বাস করি না।’

দিদারুল আলম চৌধুরী বলেন, ‘সাগরিকা এলাকায় আইসিডি স্থাপনের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা স্থানীয়রা চায় না। তারা সেখানে নতুন আইসিডি হোক, এতে আগ্রহী নয়। তাই ২০ কিলোমিটারের বাইরে করা হোক।’

নৌমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য এম এ লতিফ, নৌ-মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিএমপি কমিশনার ইকবাল বাহার, বিজিএমইএ প্রতিনিধি মঈন উদ্দিন আহমেদ মিন্টু, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আকতার হোসেন, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রস্তাবিত নতুন দুই আইসিডির মধ্যে একটি একে খান ও অন্যটি সামিট-ইস্পাহানী যৌথভাবে করার প্রস্তাব দিয়েছে। নগরীর সাগরিকা এলাকায় এ দুই আইসিডি নির্মাণ করা হবে বলে তারা প্রস্তাবনায় জানায়।